পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি সাংবাদিক ইবাদ হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠ-এ ‘টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকত্ব নিচ্ছে রোহিঙ্গারা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের একটি তদন্ত দল বিষয়টি তদন্ত করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সম্প্রতি কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) তিন কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন।
চাকরিচ্যুত কর্মচারীরা হলেন— ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া, আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা।
গত ২১ জুলাই নেত্রকোণা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, চাকরি হারানোর ক্ষোভে চাকরিচ্যুত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া সাংবাদিক ইবাদ হোসেনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তিনি অভিযোগ করেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণেই তার চাকরি চলে গেছে এবং নেত্রকোণায় কোথাও পেলে সাংবাদিককে "দেখে নেওয়া হবে" বলেও হুমকি দেন।
এ ঘটনায় কালের কণ্ঠের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তাদের পরামর্শে সাংবাদিক ইবাদ হোসেন ২২ জুলাই নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কাঞ্চন মিয়া, পিতা- আনিস মিয়া, গ্রাম- খতিবনগুয়া, নেত্রকোণাকে অভিযুক্ত করা হয়েছে।
সাংবাদিক ইবাদ হোসেন বলেন, “জনস্বার্থে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলাম। সেই প্রতিবেদনের জেরে চাকরিচ্যুতদের মধ্যে একজন আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছি।”
এ বিষয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”