মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মেরামতের পর ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ তালতলা গ্রামের সাহাবুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মোটরসাইকেল সার্ভিসিং ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের মেরামতের কাজ শেষ করে সেটি ঠিকভাবে চলছে কি না তা নিশ্চিত করতে আব্দুল্লাহ সড়কে ট্রায়াল দিতে বের হন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।