মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ২ হাজার ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মো. আশিক সারোয়ার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোহালাকান্দা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
এ সময় তার কাছ থেকে ২,০৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।