লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ১৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ নেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানা মৃধার নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে টহল দল তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটকরা হলেন গুলশাখালী ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আলী আকবর (৩৭), পিতা- মৃত হায়দার আলী এবং মো. মফিজুল ইসলাম (৪০), পিতা- মৃত আলাউদ্দিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পরে আটক দুজনকে জব্দকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ নেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, "দেশকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে এবং সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।"