নিজস্ব প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির জরুরি সভায় সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পিসিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হামিদ রানাকে চেয়ারম্যান এবং রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকার শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাবেক কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবিরসহ স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত করা হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন পরিচালনা করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করে পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। পাশাপাশি পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও অধিকারবঞ্চনার শিকার হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা এসব বৈষম্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং পার্বত্য অঞ্চলে শান্তি, ন্যায়বিচার ও সকল জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।