মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর ( লক্ষীপুর) প্রতিনিধি:
টানা বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স–সোনপুর সড়কের ক্ষতিগ্রস্ত অংশ ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়েছে। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে সংস্কার কাজের উদ্যোগ নেন চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার।
সরেজমিনে দেখা যায়, কয়েকদিনের টানা বর্ষণে চর লরেন্স–সোনপুর সড়কের ফজুমিয়ার হাট পূর্ব বাজার এলাকায় বশির উল্লাহ মিয়ার বাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহন চরম ভোগান্তির শিকার হয়।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আকরাম হোসেন শাহেদ হাওলাদার নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত স্থানে বালু, ইট ও খোয়া ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন।
এ বিষয়ে আকরাম হোসেন শাহেদ হাওলাদার বলেন, "টানা বৃষ্টিতে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন। বিশেষ করে ফজুমিয়ার হাট পূর্ব বাজার সংলগ্ন অংশ দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। মানুষের কষ্ট দেখে নিজ দায়িত্ববোধ থেকে ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। এটি কোনো প্রচারণার উদ্দেশ্যে নয়; মানুষের দুর্ভোগ লাঘবের একটি ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।"
স্থানীয় বাসিন্দা আমাজাদ হোসেন জন্টুসহ এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারের এই মানবিক পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন এবং এজন্য আকরাম হোসেন শাহেদ হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এলাকার সচেতন মহলের মতে, জনস্বার্থে এমন স্বতঃস্ফূর্ত উদ্যোগ স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখবে।