সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে সোনারগাঁ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল (৪০), মো. আলমগীর (৪৫), মো. জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মো. সুমন (৪১), মো. রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত ১৩ জুন ২০২৬ সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে সোনারগাঁ থানায় পেনাল কোডের ৪৫৪/৩৮০ ধারায় একটি মামলা (মামলা নং-৩৮) দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে বলে পুলিশ আশা করছে।