মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট এলাকায় একঝাঁক খুদে ফুটবলারের স্বপ্ন গড়ে তুলছেন তরুণ ক্রীড়াবিদ ও গোলকিপার তানভির হাচান রবিন পণ্ডিত। কোনো সরকারি অনুদান বা আর্থিক লাভের প্রত্যাশা ছাড়াই, সম্পূর্ণ নিজের উদ্যোগ ও অর্থায়নে তিনি গত ৯ মাস ধরে 'ভ্যানগার্ডস স্পোর্টিং ক্লাব'-এর ৭৪ জন খুদে ফুটবলারকে নিয়মিত বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন।
জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ছিল রবিনের। তিনি কমলনগর উপজেলা ও লক্ষ্মীপুর জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলায় একজন দক্ষ ও পরিচিত গোলকিপার হিসেবে ফুটবল খেলেছেন। পাশাপাশি ক্রিকেটেও অলরাউন্ডার হিসেবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই এলাকার শিশু-কিশোরদের মাঠমুখী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি।
বর্তমানে ভ্যানগার্ডস স্পোর্টিং ক্লাবের ৭৪ জন প্রশিক্ষণার্থীকে বয়সভিত্তিক দুটি দলে ভাগ করা হয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী ৪৪ জন এবং ১৫ থেকে ১৮ বছর বয়সী ৩০ জন খেলোয়াড়কে সপ্তাহের নির্ধারিত দিনে আলাদাভাবে ফুটবলের মৌলিক কৌশল, ফিটনেস, শৃঙ্খলা ও খেলার নিয়ম শেখানো হচ্ছে।
কোচ তানভির হাচান রবিন পণ্ডিত বলেন, "আমি সম্পূর্ণ নিজের উদ্যোগে এই খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছি। আমার একটাই স্বপ্ন—এদের মধ্য থেকে একদিন জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে, যারা দেশের জন্য সুনাম বয়ে আনবে। আমি বিশ্বাস করি, সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে এখান থেকেই একদিন কেউ না কেউ বিকেএসপিতে খেলার সুযোগ পাবে।"
রবিনের এই নিঃস্বার্থ উদ্যোগ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় ফুটবলপ্রেমী মো. ধনু মিয়া বলেন, "রবিন কোনো পারিশ্রমিক ছাড়াই নিজের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে শিশুদের প্রশিক্ষণ দিচ্ছেন। এটি সত্যিই অনুকরণীয় উদ্যোগ। আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করেন। আজকের এই শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারাই দেশের ফুটবলের শক্ত ভিত্তি হয়ে উঠবে।"
এলাকার সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ে রবিনের মতো তরুণদের এমন উদ্যোগ দেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং গ্রামবাংলার প্রতিভাবান ফুটবলাররা নিজেদের মেধা বিকাশের আরও বড় সুযোগ পাবে।