ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিবেদক। সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী—মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে জব্দ করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নুর নগর গ্রামের বাসিন্দা বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) এবং তাদের ছেলে নিয়ামত উল্লাহ (৬)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী মিঠাই পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিলা বেগম ও তার ছেলে নিয়ামত উল্লাহ নিহত হন।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পুলিশ অভিযান চালায়। পরে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। এ সময় বাসচালক পালিয়ে যেতে সক্ষম হলেও বাসের হেলপার শিমুলকে আটক করা হয়।
ওসি মো. ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বগুড়া মহাসড়কের এই অংশে প্রায়ই অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়কে কঠোর নজরদারি, গতিনিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।