মো. শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের কাছে ১০ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।
‘যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, সমাজ পরিবর্তনের মাধ্যম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে অনুদান প্রদান করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান এবং ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ।
চেক হস্তান্তর শেষে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে এই অর্থ ব্যয় হবে বলে তিনি আশা করেন। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে যাকাতের অর্থ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি যাকাত ফান্ডে এমন অনুদান সমাজে দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, হাজী মো. আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে সিরাজগঞ্জ পৌর শহরকে আধুনিক, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, রাস্তা সংস্কার, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও মন্দিরে সহযোগিতা, কবরস্থান উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
স্থানীয়দের মতে, সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে হাজী মো. আব্দুস সাত্তার ইতোমধ্যেই সিরাজগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসার একটি নাম হয়ে উঠেছেন।