সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পৌরসভার টিপুরদী মাছ বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।
স্থানীয় বাসিন্দা ও মাছ ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে টিপুরদী মাছ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রশাসন অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০' অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে এবং বিধি অনুযায়ী জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করে থাকে।
তিনি আরও জানান, জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।