সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় সোনারগাঁও স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, “আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে সোনারগাঁও উপজেলায় আমরা দুই লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাব, তারা যেন আজ প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়িতে যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করে। এই গাছগুলো একদিন বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সোনারগাঁওবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই দিনে এমপি আজহারুল ইসলাম মান্নান মেঘনা শিল্পনগরী এলাকায় একটি নতুন সড়ক এবং ঐতিহাসিক বৈদ্যেরবাজার ঘাট উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বৈদ্যেরবাজার ঘাটের আধুনিকায়ন সম্পন্ন হলে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর-ই-ইয়াসিন নোবেল।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।