পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া বাজার এলাকায় মাদকসেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রাসেল (৩০) নামে এক যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গুড়া পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত রাসেল ভাঙ্গুড়া পৌরসভার সারুটিয়া মহল্লার মৃত রেজাউল করিমের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, "মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"