এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন ভোলাহাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লিঃ) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিআরডিবি ভোলাহাট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভোলাহাট বিআরডিবি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, আহ্বায়ক আরডিও মো. সবুজ আলী, ভোলাহাট ইউসিসিএ লিঃ-এর সভাপতি মো. মিজানুর রহমান মিজু, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াজদানি আলিম আল রাজী জর্জসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে ইউসিসিএ লিঃ-এর আওতাধীন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ এবং বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।