মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রবাসীপাড়া এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতা ও বিশেষ বরাদ্দের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পকে ঘিরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি স্থায়ী ও আধুনিক মসজিদের অভাব অনুভব করে আসছিলেন। অবশেষে সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বর্তমানে মসজিদের মূল অবকাঠামোর নির্মাণকাজ পুরোদমে চলছে।
স্থানীয় বাসিন্দা মো. রাহিম হোসেন রাসেদসহ এলাকাবাসী জানান, সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন এই মসজিদ নির্মাণ প্রকল্পে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর সার্বিক সহযোগিতা ও অর্থায়নের কারণেই নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই মসজিদটি আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল। মাননীয় সংসদ সদস্যের মহতি উদ্যোগের ফলে আমাদের সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হবে।"
এ বিষয়ে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলতাফ হোসেন বলেন, "রামগতি ও কমলনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের উদ্যোগ ও সহযোগিতায় সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।"
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, চলমান নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে অচিরেই মসজিদটি মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।