ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
Sসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোপা আমন ধান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।
এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হজরত আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, "কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের কল্যাণে প্রদত্ত এ প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হয়।"
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার মোট ২ হাজার ৬০০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ৬০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।