মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন এবং বর্ষব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’-এর উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. মোসলেম উদ্দিন এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সুফিয়ান বলেন, সরকারের ঘোষিত বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি বলেন, সরকারের এ কর্মসূচি সফল করতে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ সবুজে সমৃদ্ধ হবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সহজ হবে। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উপদেষ্টা ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো. আব্দুল মোমেন, মো. মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম এবং মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ১০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।