মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি :
"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
সভাপতির বক্তব্যে রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, "শিশুশ্রম বর্তমান সময়ের একটি গুরুতর আর্থ-সামাজিক সমস্যা, যা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শিশুশ্রমের কারণে আমাদের সমাজের অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধেরও অবক্ষয় ঘটছে। এখনই যদি শিশুশ্রম প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আমাদের সমাজকেই বহন করতে হবে।"
তিনি আরও বলেন, "শিশুশ্রম প্রতিরোধ শুধুমাত্র সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। একটি শিশুর পরিবার, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমেই এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।"
আলোচনা সভার আগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দিবসের কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।