মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন শাহেদ হাওলাদার। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, স্বচ্ছ ভাবমূর্তি এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে তিনি মাঠে সক্রিয় রয়েছেন।
লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত শাহেদ হাওলাদার বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করায় একাধিকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান। তিনি ২০১৫ সালে চর কাদিরা ইউনিয়নে ইউপি সদস্য (মেম্বার) হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তাঁর প্রয়াত দুই জ্যেষ্ঠ আত্মীয় আনিছল হক হাওলাদার ও হোসেন আহাম্মদ হাওলাদার অতীতে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিগত দিনের জনপ্রতিনিধিদের সমালোচনা করে শাহেদ হাওলাদার বলেন,
"অতীতে অনেকেই মাননীয় হুইপ মহোদয়ের আস্থা ও দলের নাম ব্যবহার করে চেয়ারম্যান-মেম্বার হয়েছেন, কিন্তু তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করেননি এবং তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। আমি নির্বাচিত হলে সরকারি সেবার পাশাপাশি আমার ব্যক্তিগত বৈধ আয় থেকেও ত্যাগী নেতাকর্মীদের কল্যাণে কাজ করব।"
দলীয় আনুগত্যের বিষয়ে তিনি বলেন, "দল বৃহত্তর স্বার্থে যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করতে প্রস্তুত। ব্যক্তি স্বার্থের চেয়ে দলের বিজয়ই আমার কাছে মুখ্য।"
চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক ও অপরাধমুক্ত তরুণ প্রজন্ম গড়ে তোলা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবায় ভোগান্তি ও ঘুষ বাণিজ্য বন্ধ করে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এলাকার সাধারণ ভোটার ও তরুণদের মতে, স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী শাহেদ হাওলাদার একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। ইউপি সদস্য হিসেবে তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও কাজের মূল্যায়নও ইতিবাচক বলে তারা মনে করেন।
পরিশেষে, শাহেদ হাওলাদার ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।