পাবনা প্রতিনিধি:
অবশেষে পাবনাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণের পথে। আগামী আগস্ট মাস থেকে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম। শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন পরিচালনার জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন কোচ দেশে আসবে। সেগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্ট মাসেই সরাসরি ট্রেন চালু করা হবে।
তিনি আরও জানান, চলতি বছরের আগস্টে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরবর্তীতে ঢাকা-খুলনা রুটে সরাসরি ট্রেন চালু করা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টদের মতে, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে এই রুটে যাত্রীদের প্রধান নির্ভরতা সড়কপথ, ফলে সময়, ভাড়া এবং যাত্রী হয়রানিসহ নানা ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের।
নতুন রেলসেবা চালু হলে যাত্রীদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি হবে, যা সড়কপথের চাপ কমানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবহন ব্যবস্থাও গড়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকবে না, জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, দেশে দ্রুতই আধুনিক ও বহুমাত্রিক (মাল্টি-মোডাল) যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
এ সময় তিনি কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রকল্প নিয়েও কথা বলেন। মন্ত্রী জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। এটি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।