স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক (অব.) কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকার তাসপিয়া গার্ডেনে এ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাম্প্রতিক আদালতের রায় এবং পরবর্তী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় জানানো হয়, ২০১৬ সাল থেকে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা জালাল উদ্দীন আহমেদের নেতৃত্বে সারাদেশে সংগঠিত হয়ে অবসরোত্তর আর্থিক সুবিধা, পূর্ণ পেনশন, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যান তারা।
সমিতির নেতারা জানান, এ সংক্রান্ত রিট পিটিশন নং ৯৫২৬ ও ৬৭৬৫-এর শুনানি শেষে ২০২৪ সালের ১৯ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিন্নাত হকের বেঞ্চ সমিতির পক্ষে রায় দেন। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৮ জুন ২০২৬ রায়ের সার্টিফায়েড কপি সমিতির নেতৃবৃন্দের হাতে পৌঁছায়।
রায়ের কপি পাওয়ার পর পরবর্তী কর্মসূচি ও দাবি আদায়ের কৌশল নির্ধারণ করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জহির আহমেদ বলেন, "গ্রামীণ ব্যাংকের প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য আর্থিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আইনি প্রক্রিয়ায় আমরা সফল হয়েছি। এখন সবাইকে ঐক্যবদ্ধ করে দাবি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব।"
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, সদস্য মো. শাহাজাহান, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আনোয়ার আজিমসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।