মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলায় প্রান্তিক ও অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নির্বাচনী এলাকার সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এর অংশ হিসেবে বুধবার কমলনগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান। তিনি সুবিধাভোগীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন।
এ বিষয়ে এমপি বিথীকা বিনতে হোসাইন বলেন, সরকার প্রান্তিক জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রামগতি ও কমলনগরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দুটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন—
অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরাসরি আর্থিক সহায়তা প্রদান, তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ দ্রুত সংস্কার ও মেরামত
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক এসব উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তা কার্যক্রমকে তারা প্রশংসা করছেন।