মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় অংশগ্রহণকারী ময়মনসিংহ জেলার বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মোহাম্মদ সাইফুর রহমান।
বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উভয় দলের খেলোয়াড়, কোচ, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী ২০ জুন ঢাকায় অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-এ প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ফাইনালে ময়মনসিংহ জেলার পক্ষে বালক বিভাগে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে। উভয় দলই উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুভেচ্ছা বিনিময় সভায় খেলোয়াড় ও সংশ্লিষ্টরা ফাইনালে বিজয় অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসকও খেলোয়াড়দের মনোবল দৃঢ় রেখে সর্বোচ্চ প্রচেষ্টা প্রদর্শনের আহ্বান জানান এবং ময়মনসিংহবাসীর পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা জানান।