শাহাদাৎ হোসেন চৌধুরী
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
মানবিকতা ও দ্রুত সেবাদানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত। আবেদনের মাত্র এক ঘণ্টার মধ্যেই জন্মগত শারীরিক প্রতিবন্ধী রাজু (২৮)-এর হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামে রাজুর বাড়িতে গিয়ে ইউএনও নিজেই হুইলচেয়ার পৌঁছে দেন। এ ঘটনায় এলাকাজুড়ে প্রশংসার সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, রাজু মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির বড় ছেলে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধিতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবন কাটালেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার জন্য একটি হুইলচেয়ার কেনা সম্ভব হয়নি।
রাজুর বাবা মো. জাকির হোসেন বলেন,
“আমাদের পরিবারের পক্ষে হুইলচেয়ার কেনা সম্ভব ছিল না। সকালে স্থানীয় এক বিএনপি কর্মীর মাধ্যমে আবেদন করার পর মাত্র এক ঘণ্টার মধ্যেই ইউএনও স্যার নিজে আমাদের বাড়িতে এসে হুইলচেয়ার দিয়ে গেছেন। এটি আমাদের জন্য অনেক বড় সহায়তা। এখন আমার ছেলে কিছুটা হলেও চলাফেরা করতে পারবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত বলেন,
“রাজু জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসনের কাছে কেউ সহায়তা চাইলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি দ্রুততম সময়ে সেই সহায়তা পৌঁছে দিতে।”
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও রাজুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।