নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতা:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুতের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম (৪২) মারা গেছেন। শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমনপুকুর বুদপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নির্মিত নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ ও তারের কিছু ত্রুটি মেরামতের কাজ করছিলেন নজরুল ইসলাম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম বলেন, “নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার কারাবরণও করেছেন। তার মৃত্যু দল ও এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।”
মৃত্যুকালে নজরুল ইসলাম স্ত্রী, দুই কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম ছিলেন অত্যন্ত মিশুক ও জনবান্ধব ব্যক্তি। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তিনি ব্যাপক পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে ডোমনপুকুর বুদপাড়া গ্রামসহ পুরো মাঝিরা ইউনিয়নে শোকের আবহ বিরাজ করছে।