আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে শিশুদের প্রাণঘাতী রোগ হাম-রুবেলা প্রতিরোধে আসন্ন জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ মে, রবিবার) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. মাহমুদুন নবী, ডা. বিলাস কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, গণমাধ্যমকর্মী বেনজির রহমান, আমিনুল ইসলাম সোহাগ ও মিজানুর রহমানসহ অনেকে।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, ইউনিসেফ, গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। গত ২০ এপ্রিল থেকে এ উপজেলায় স্বাস্থ্যকর্মীরা টিকাদান কার্যক্রম শুরু করেছেন, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত।
এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১৯ হাজার শিশুকে এক ডোজ করে টিকা প্রদান করা হবে। বর্তমানে আদমদীঘি উপজেলায় হাম বা রুবেলায় কোনো সংক্রমণ শনাক্ত হয়নি বলে সভায় জানানো হয়। তবুও নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উক্ত সভায় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিনিধি, এনজিও কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।