মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর মন্ডল মার্কেট সংলগ্ন একটি খাল দখলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খালের ভেতরে স্থাপনা নির্মাণের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, খালের একটি অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছিল। এলাকাবাসীর অভিযোগ, অনিমেষ বিশ্বাস নামের এক পশু চিকিৎসক সাবেক মেম্বার বাবুল বিশ্বাসের প্রভাব খাটিয়ে খালের ভেতরেই এই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়দের দাবি, খালটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রজননের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খালটি এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখে। তবে সাম্প্রতিক দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের কারণে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এভাবে খাল দখল চলতে থাকলে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেবে। পাশাপাশি মাছের প্রজনন ব্যাহত হবে, যা স্থানীয় জেলেদের জন্য বড় ক্ষতির কারণ হবে।”
ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর সহকারী তহসিলদার শাহারিয়ার ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
তবে অভিযুক্ত পক্ষের দাবি, “এটি আমার ক্রয়কৃত সম্পত্তি, তাই সেখানে কাজ করছি।”
এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করে খালটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে পরিবেশ ও জনজীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।