এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৬ মে ২০২৬) বেলা ১১টায় ভোলাহাট প্রেসক্লাবের সামনে চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোঃ তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি মোঃ তারেক আজিজের উপর হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। সভায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির এবং বিএম রুবেল আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আর্মি, মোঃ সাহিবুল ইসলাম, এসএম সাজিব হোসেন, মোঃ ইয়াকুব হোসেন, পত্রিকা এজেন্ট মোঃ মতিউর রহমান এবং প্রেসক্লাব পিয়ন মোঃ সামশুদ্দিন গরিবুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও দর্পণ। সেই দর্পণের উপর আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্ব পালনরত অবস্থায় দুই সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিক সমাজ সরকার ও জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ তাদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। যদি দ্রুত বিচার না হয়, তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা পান করার সময় দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ান-এর প্রতিনিধি মোঃ তারেক রহমান এবং মাই টিভির মোঃ তারেক আজিজ একাধিক মামলার আসামি রাব্বি ও তার সহযোগীদের অতর্কিত হামলার শিকার হন।