প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ
আজ মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিনটি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশসহ বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সিএনজি মালিক ও শ্রমিক সমিতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভাঙ্গুড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।
মহান মে দিবসের ইতিহাস ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত। সেদিন শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নামেন। আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে’র হে মার্কেট বোমা বিস্ফোরণ ও সহিংস ঘটনায় বহু শ্রমিক প্রাণ হারান, যা পরবর্তীতে বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।
ভাঙ্গুড়ায় আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড শহীদ মিনার থেকে শুরু হয়ে শরৎনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজপাড়া মোড় হয়ে পুনরায় ভাঙ্গুড়া বাজার এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা চলাকালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ, মালিক সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।