অনলাইন ডেক্স :
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মোট ২৫ কোটি টাকা নিয়েছেন।
শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মোস্তাক মিয়া বলেন, “কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগর এলাকায় ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার এলাকায় ১০ কোটি টাকা নিয়ে গেছেন। এটি জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থ। যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডের মধ্যেই সমন্বয়ের অভাব ছিল।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় তাদের কর্মকাণ্ডে নানা অসঙ্গতি ছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন।”
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোস্তাক মিয়া দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
তবে এ অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লাহর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাইও করা সম্ভব হয়নি।