ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটিকুমরুল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে একটি সিএনজি তাড়াশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে র্যাব অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত তিনজনই পুরুষ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।