কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার মহাশ্মশানে শবদেহ স্নানঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সুলতানপুর গ্রামে অবস্থিত পৌর মহাশ্মশানে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে মন্দির কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের অবহিত করে। পরে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা শবদেহ স্নানঘরের তালা ভেঙে চিতা সাজানোর কাজে ব্যবহৃত মোটা ৬টি লোহার রড এবং একটি পানি তোলার মোটর চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে পাশের কালী মন্দিরের গ্রিল ভেঙে একটি পিতলের বড় ঘটও নিয়ে যায় তারা।
মিরপুর পৌর মহাশ্মশানের সভাপতি আনন্দ কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাতের কোনো এক সময় চোরেরা শ্মশানের স্নানঘরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এছাড়া মন্দিরের গ্রিল ভেঙেও চুরি করা হয়েছে।”
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে যেহেতু এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”
ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।