মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠান সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে প্রতি বছরই নানা সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।