সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বর্ষিয়ান রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমআ ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ এলাকা সোনারগাঁও পৌরসভার গোয়ালদী প্রাইমারি স্কুল সংলগ্ন বালুর মাঠে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তাকে তার বাড়ির পাশে প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির প্রাঙ্গণে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
আবু নূর মোহাম্মদ বাহাউল হক জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে ১৯৮৮ সালে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে একই আসনে সংসদ নির্বাচনে অংশ নেন। তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একাধিক স্কুল, কলেজ, নার্সিং কলেজ, হাসপাতাল, চক্ষু হাসপাতাল ও কিডনি সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এছাড়া বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও দীর্ঘদিন পালন করেন।
স্থানীয়ভাবে তিনি বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউট, বাহাউল হক একাডেমি, বাহাউল হক সাইন্স এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন।