ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ হাটিকুমরুল মহাসড়কে দায়িত্বরত অবস্থায় এক মোটরসাইকেল চালকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন— হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। তিনি জানান, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনকালে ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন।
ওসি আরও জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারকে অবহিত করা হয়। পরে পুলিশ সুপার অভিযুক্ত পাঁচ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যে হাটিকুমরুল হাইওয়ে থানা ত্যাগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাটিকুমরুল মোড় দেশের অন্যতম ব্যস্ত সড়ক সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। ফলে মহাসড়কে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম বা হয়রানির অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক এই ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
সচেতন মহলের দাবি, মহাসড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সঙ্গে যাত্রী ও চালকদের হয়রানি বন্ধে নিয়মিত তদারকি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।
এ ঘটনায় এখনো কোনো বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।