হৃদয় রায়হান, ভেড়ামারা, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আরিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার মামুন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের রাস্তায় খেলছিল শিশু আরিয়ান। এসময় ধানবোঝাই একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি বেপরোয়া গতিতে চলছিল। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা ট্রলিটি আটক করে রাখে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, গ্রামীণ সড়কে অবাধে বেপরোয়া গতিতে চলাচলকারী স্যালো ইঞ্জিনচালিত যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের নিয়ন্ত্রণ ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।