দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সীমান্ত এলাকায় অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে খাগড়াছড়ির বাবুছড়ায় জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক ও জ্বালানি তেল চোরাচালানসহ সব ধরনের অপরাধ নির্মূলে বিজিবি কঠোরভাবে কাজ করছে। দুর্গম পাহাড়ি সীমান্তের প্রতিটি অংশ সুরক্ষায় সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, ৭ বিজিবির দায়িত্বাধীন প্রায় ৫৮ কিলোমিটার সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম হলেও সদস্যরা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রেখেছেন। মাদকবিরোধী অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং নারী-শিশু পাচার রোধে কার্যক্রম জোরদার করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অধিনায়ক আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করছে। নিয়মিত মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
তিনি সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের কথাও উল্লেখ করেন।
সভা শেষে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।