ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান প্রবেশপথে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে রাস্তা দেবে যাওয়া এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ।
উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কার্যালয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ নানা প্রয়োজনে আসেন। এছাড়াও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে। কিন্তু কার্যালয়ের মূল ফটকের সামনেই বৃষ্টির পানি জমে থাকায় নোংরা ও কাদাপানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে সবাইকে।
স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই অফিসের প্রবেশপথ পানিতে তলিয়ে যায়। ফলে অনেক সময় পায়ে হেঁটে অফিসে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
অফিসে আসা কয়েকজন সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপজেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের মূল জায়গা হলো ইউএনও অফিস। অথচ সেই অফিসের প্রবেশপথেরই যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটাচলা করা কষ্টকর হয়ে পড়ে।”
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, “বর্তমানে এ কাজের জন্য কোনো প্রকল্প নেই। প্রকল্প বরাদ্দ পেলে প্রয়োজনীয় সংস্কার কাজ করা হবে।”
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, “উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানে আমরা কাজ করছি। এই সমস্যাটিও দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”
এদিকে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা। তাদের মতে, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কার্যালয়ের প্রবেশপথ দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।