পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নেওয়া কঠোর পদক্ষেপে দেরিতে এসে বিপাকে পড়েছেন এক কর্মচারী। নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীরের নির্দেশে প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে অফিসের মূল ফটকসহ ভবনের সব দরজা তালাবদ্ধ রাখা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের পর অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা অবস্থান করছেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে যারা অফিসে প্রবেশ করছেন কেবল তারাই হাজিরা খাতায় স্বাক্ষর করতে পারছেন। নির্ধারিত সময়ের পর আগতদের আর হাজিরা দিতে দেওয়া হচ্ছে না। তবে সেবাগ্রহীতা ও ঠিকাদারদের সুবিধার্থে সকাল ১০টার দিকে ফটকটি পুনরায় খুলে দেওয়া হয়।
নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে আসায় অফিসে প্রবেশ করতে না পারা উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান হোসেন বাপ্পি জানান, ব্যক্তিগত কাজে কিছুটা দেরি হওয়ায় তিনি সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি। তবে তিনি প্রশাসনের এই কঠোর উদ্যোগকে সময়ানুবর্তিতা নিশ্চিতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক। সেই নিয়ম বাস্তবায়নেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সময়মতো উপস্থিত না থাকা কর্মীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।