বিশেষ প্রতিনিধি, পাবনা
সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায়ও শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে এসএসসি বাংলা প্রথম পত্র, দাখিল কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনাল বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি কেন্দ্রে মোট ১ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১,০৫৪ জন, দাখিল ২০১ জন এবং ভোকেশনাল ১৮৭ জন।
পরীক্ষা শুরুর পরপরই ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান।
পরিদর্শনকালে প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ কার্যক্রম, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং নকল প্রতিরোধ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। চারটি কেন্দ্রেই শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভাঙ্গুড়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।