সিংড়া (নাটোর) প্রতিনিধি:
শস্যভাণ্ডার খ্যাত চলনবিলাঞ্চলের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে বোরো ধান কর্তন উৎসব ১৪৩৩। সোনালী ধান ঘরে তোলার আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো বিলাঞ্চল।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে চলনবিলের পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়। কৃষক আবুল কালাম আজাদের জমিতে ধান কেটে কর্মসূচির সূচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান এবং সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে প্রায় ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়া ও সময়মতো কৃষি উপকরণ সরবরাহের কারণে এবার ফলন ভালো হয়েছে। তিনি আরও জানান, এলাকায় কোনো শ্রমিক সংকট নেই এবং লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।
ধানের ভালো ফলনে খুশি কৃষকরাও। তারা জানান, সঠিক সময়ে সার, বীজ ও সেচ সুবিধা পাওয়ায় উৎপাদন বেড়েছে। এতে করে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
চলনবিল অঞ্চলে প্রতিবছরই বোরো মৌসুমে ধান কর্তনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। কৃষকদের ব্যস্ততা আর আনন্দে মুখর হয়ে উঠেছে গ্রামবাংলার প্রান্তর।