ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাদের হামলায় মাহতাব হোসেন হৃদয় (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, বাড়িতে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে ফারুক হোসেন ও তার ভাই হামেদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে গোয়ালঘরের পাশে মাটি ফেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় হামেদ আলীর পক্ষ নিয়ে তার আরও কয়েক ভাই লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ফারুক হোসেনের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে ফারুক তার শিশু সন্তান মাহতাবকে কোলে নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। দৌড়ানোর সময় শিশুটি তার কোল থেকে পড়ে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।