মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শান্তি রঞ্জন দেওয়ান দীর্ঘ প্রায় ৪০ বছরের গৌরবময় কর্মজীবন শেষে এক বর্ণাঢ্য আয়োজনে বিদায় নিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. মোকলেছুর রহমান।
বক্তারা বলেন, শান্তি রঞ্জন দেওয়ান শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন আদর্শ মানুষ গড়ার কারিগর। তার হাতে গড়া বহু শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত।
বিদায়ী বক্তব্যে শান্তি রঞ্জন দেওয়ান বলেন, বিদ্যালয় ও শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়ই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি সবসময় শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকতে চান।
অনুষ্ঠানের শেষে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ফুলেল সংবর্ধনার মাধ্যমে ছাদ খোলা গাড়িতে করে বিদায় জানানো হয়।
এই বিদায় একটি যুগের সমাপ্তি হলেও, একজন নিবেদিত শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।