প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়ার কৃতী সংগঠক মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার। সম্প্রতি ঘোষিত পাবনা জেলা কৃষক দলের নতুন কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তার এই পদে নির্বাচিত হওয়ায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মরহুম সাবদার আলী সরদারের কনিষ্ঠ সন্তান মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে একজন দক্ষ ও পরিশ্রমী সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ করে কৃষক দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন হিসেবেই তাকে পাবনা জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে পাবনা জেলা কৃষক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এদিকে, তাকে এই পদে নির্বাচিত করায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান সরদার বলেন, “আখিরুজ্জামান মাসুম সরদার সবসময় মাঠপর্যায়ে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি আরও সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে আমরা আশাবাদী।”
নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার বলেন, “দলের প্রতি আস্থা রেখে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ে দৃঢ়ভাবে কাজ করে যাব।”
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদারও আখিরুজ্জামান মাসুম সরদারকে গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত করায় কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।