ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রবি মৌসুমে পাট ও তিলের আবাদ বাড়াতে নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি বলেন, “সরকার কৃষিকে এগিয়ে নিতে প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং ফলন বৃদ্ধি পাবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী সরদার, সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল,তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল খন্দকার, তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোপাল চন্দ্র ঘোষ ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা খুবই উপকৃত হয়েছেন। এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।