মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে স্কাউট কার্যক্রম জোরদার করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২টি উচ্চ বিদ্যালয়সহ মোট ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল পারভেজ। তিনি বলেন, “স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম।” তিনি ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া শান্তি চাকমা এবং উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী। তারা বলেন, পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং কার্যক্রমের বিস্তার তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া উপজেলা স্কাউট কমিশনার মোহাম্মদ এ কে এম বদিরুজ্জামান স্কাউট কার্যক্রমের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল । পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
উদ্বোধন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে স্কাউট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দীঘিনালার শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা করবে।