ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে রংপুরের গঙ্গাচড়া থানা এলাকা থেকে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মোঃ করিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। তিনি একটি চক্রের মাধ্যমে এসব জাল টাকা বাজারে ছড়িয়ে দিতেন।এর আগে ২৯ মার্চ সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করে র্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।