মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:-
রাঙামাটির লংগদুতে ১নং আটারকছড়া ইউনিয়নের ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় খাবার পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লংগদু জোন। স্থানীয়দের বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তার জন্য একটি সোলার চালিত ডিপ টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করেছে লংগদু জোন।
সোমবার (৩০ মার্চ) লংগদু জোনের তত্ত্বাবধানে ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় উক্ত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন অত্র জোনের জেডএসও মেজর আল জাকারিয়া জন।
স্থানীয়দের মতে এতে করে আটারকছড়ার ভাঙ্গামুড়া দূর্গম হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার যার মধ্যে বিশুদ্ধ খাবার পানি ব্যবহারের সুযোগ পাবে এ ডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে। যার মধ্যে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার নিরাপদ পানি পান, জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে ।
উদ্বোধনকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় মেজর আল জাকারিয়া জন জানান, লংগদু জোন সবসময় স্থানীয় জনসাধারনের কল্যাণে সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন মূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময়ে তিনি স্থানীয়দের ডিপ টিউবওয়েলের সঠিক ব্যবহার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
লংগদু জোনের এমন উদ্যোগের ফলে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।
উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।