সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা-র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে মন্তব্য করেন। এ ধরনের বক্তব্য মন্ত্রীর ব্যক্তিগত ও ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, “এ ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সমাজের মূল্যবোধকেও আঘাত করে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে।” তিনি আসামির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও বিএনপির নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
এদিকে মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
সংশ্লিষ্ট মহলের মতে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।