মোখলেছুর রহমান ধনু
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ২রা মার্চ আউমীর পতাকা উত্তোলন দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৩টায় নোয়াখালী টাউন হল সংলগ্ন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব। তিনি তার বক্তব্যে বলেন, "কেবল মাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের আমূল সংস্কারই এখন সময়ের দাবি। জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে।" তিনি আরও বলেন, "জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, মনিরুজ্জামান চৌধুরী, অধ্যাপিকা রেহানা জিলানী এবং আব্দুল্লাহ আল তারেক। এছাড়া বক্তব্য রাখেন আব্দুল মোতালেব মাস্টার, এ টি মোশারেফ হোসেন মন্টু ও আবু নাছের মঞ্জুসহ জেলা জেএসডির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
নোয়াখালী জেলা জেএসডির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূর রহমান। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা ঐতিহাসিক ২রা মার্চের তাৎপর্য তুলে ধরে স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।